ডিসেম্বরেই কি অবসর নেবেন নেইমার?

ক্যারিয়ার-পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন নেইমার।

সোমবার নিজের ইউটিউব চ্যানেলে নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো ভাবিনি, তবে কত দিন খেলতে পারব, সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তির মেয়াদ পূরণ করতে চাই, সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, খেলা ছেড়ে দেব, নাকি চালিয়ে যাব।’ ৩৪ বছর বয়সী নেইমার আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই এক ম্যাচ করে এগোতে চাই। শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আজ সকালে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জিততেই হবে সান্তোসকে। নেইমার জানিয়েছেন, এই ম্যাচে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।