বাংলাদেশ জাতীয় দলে ফেরার লড়াইয়ে নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান ও শামীম হোসেন। টি-টোয়েন্টি ঘরানার দুই আগ্রাসী ব্যাটারকে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাব্বির-শামীমরা। আগামী শনি ও সোমবার মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এই সিরিজ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক সময়ে এইচপি কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি নিয়েছে বিসিবি। আগে যেখানে মূলত অনূর্ধ্ব-১৯ কিংবা উদীয়মান ক্রিকেটারদের নিয়েই এইচপি দল গঠন করা হতো, এখন সেখানে জাতীয় দলের আশপাশে থাকা কিংবা বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বাংলাদেশ এইচপি দল : মেহরব হোসেন, জিশান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।