জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ভিক্টরি রান উইথ রাকসু’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) আয়োজিত এ ম্যারাথনে নিবন্ধনের মাধ্যমে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৭টায় রাবির শহীদ মিনার থেকে ম্যারাথনটি শুরু হয়ে কাজলা গেট ও তালাইমারী মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় অনুভূতি প্রকাশ করে ম্যারাথনে অংশ নেওয়া ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সাদিয়া জামিল দিয়া বলেন, ম্যারাথনে অংশ নিয়ে অনেক ভালো লাগছে। তবে মেয়েদের জন্য আলাদাভাবে আয়োজন করলে বেশি ভালো হতো। প্রত্যাশা করবো, এমন আয়োজন যেন প্রতিবছরই হয়।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আহসানুল হক দিনার বলেন, এমন একটি বিশেষ দিনে সবার সঙ্গে দৌড়ে অনেক ভালো লাগছে। তবে দৌড়ের দূরত্ব আমার কাছে কম মনে হয়েছে। আরেকটু বেশি হলে ভালো হতো। আমি চাই এমন আয়োজন প্রতিবছর হোক।
ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা যেভাবে দৌড়াবেন, আশা করি সেভাবে আওয়ামী লীগকেও দৌড়ের ওপর রাখবেন। আপনাদের প্রত্যেক বিভাগে যেসব আওয়ামীপন্থী শিক্ষক রয়েছেন, তাদের জন্য আজকের দৌড়ের স্পিডটা উৎসর্গ করবেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, দুই বছর আগে আজকের এই দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদকে দূর করতে পেরেছিলাম। দ্বিতীয় বর্ষপূর্তিতে রাকসু এমন আয়োজন করায় তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রুয়া'র সেক্রেটারি, রাকসুর ভিপি, জিএস, এজিএস এবং হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।