নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানক্ষেত থেকে নিখোঁজের দুই দিন পর অচেতন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. হৃদয় আলীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
হৃদয় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার মণ্ডল ম্যানশন নামে একটি মেসে থাকতেন।
শিক্ষার্থী উদ্ধারের খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বনপাড়ার হাসপাতালে যান। সেখানে তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে রামেকে পাঠানো হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, নাটোরের শিবপুরে একটি ধানক্ষেতের পাশে হৃদয়কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পর তিনি প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সসহ দ্রুত হাসপাতালে পৌঁছান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেকে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে হৃদয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিক অবস্থা স্বাভাবিক নয়। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উপাচার্য।
হৃদয়ের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করে।
বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক বলেন, হৃদয়ের চিকিৎসা চলছিল। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পরে তাকে রামেকে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। ফলে কীভাবে তিনি সেখানে পৌঁছেছেন, তা জানা যায়নি। বিষয়টি রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।