ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সূত্র এএফপি।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন চার বছরের বেশি সময় ধরে চলার মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। এ পরিস্থিতিতে কিয়েভ পশ্চিমা মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে আসছে।
ইউক্রেনের বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসার সতর্কতা জারির পর মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর রাজধানী কিয়েভজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এএফপির সাংবাদিকরা জানান, হামলার কয়েক ঘণ্টা পরও শহরের আকাশে কালো ধোঁয়া ভাসতে দেখা যায় এবং চারদিকে পোড়া গন্ধ ছড়িয়ে ছিল।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবাসিক ভবন এবং একাধিক গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা অভিযোগ করে, 'শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।'
কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর চারটি জেলায় হামলার ফলে আগুন ছড়িয়ে পড়ে। এতে এক নারী নিহত এবং অন্তত ২৪ জন আহত হন।
এদিকে কিয়েভ অঞ্চলের প্রশাসন জানিয়েছে, রাজধানীর বাইরে আশপাশের এলাকায় হামলায় আরও ১৪ জন নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন ২০ জনের বেশি।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, 'আজ রাতটি কিয়েভ অঞ্চলের জন্য আবারও সবচেয়ে মর্মান্তিক শত্রু হামলার একটি হয়ে থাকল।'
তিনি বলেন, 'রাশিয়া আবারও আমাদের ভূখণ্ডে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে, প্রাণ কেড়ে নিয়েছে নিরীহ বেসামরিক মানুষের। এ ধরনের প্রতিটি অপরাধেরই একদিন ন্যায়বিচার নিশ্চিত হবে।'