দুবাইয়ের শিল্পাঞ্চল ও বন্দরে একাধিক বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের দক্ষিণে অবস্থিত জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় বুধবার (৫ আগস্ট) ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সূত্র মেহের নিউজ। 

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে আমিরাতের গণমাধ্যমগুলো একাধিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তাপীয় (থার্মাল) স্যাটেলাইট চিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতি শনাক্ত হয়েছে। ওই গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আমিরাতের কর্তৃপক্ষ।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এর কারণ নিয়েও ভিন্নমত রয়েছে। কিছু সূত্রের দাবি, এটি বিমান হামলার ফল। আবার অন্যদের মতে, ইয়েমেনের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।