নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য দিতে না দেয়ায় তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে হামলা করেছে। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ছাত্রশিবির পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে বলে দাবি ছাত্রদল নেতাকর্মীদের।
অপরদিকে শিবিরের নেতাকর্মীরা জানান, কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে ছাত্রদলের সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে। খবর পেয়ে ছাত্রশিবিরের জেলা ও মহানগরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে গেলে তাদের উপরেও হামলা চালালে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয়পক্ষকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এরপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে চলে গেলেও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। এরপর তারা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।