ফ্রাঞ্চাইজি লিগের দুনিয়ায় নিজের অবস্থান আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ‘এসএ টোয়েন্টি’-র আসন্ন আসরে সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের দলে জায়গা পেয়েছেন তিনি।
এর মাধ্যমে প্রতিযোগিতাটির সবচেয়ে সফল তিনবারের চ্যাম্পিয়ন দলটির হয়ে এসএ টোয়েন্টির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার হাতছানি রয়েছে তার সামনে। যদিও গত মৌসুমে এই লিগে দল পেয়েছিলেন তাইজুল ইসলাম, তবে সেবার খেলা হয়নি তার।
ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শুধু রিশাদই নন, তার সঙ্গে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তারা।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন রিশাদ। পিএসএলের সবশেষ আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে তিনি শিকার করেছিলেন ১২ উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আসরের অন্যতম সফল স্পিনারদের তালিকায় নাম লিখিয়েছিলেন। এছাড়া বিগ ব্যাশের এ বছরের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই এবার দক্ষিণ আফ্রিকার মাঠে ঝড় তুলতে যাচ্ছেন তিনি। আসন্ন এসএ টোয়েন্টির নতুন মৌসুম মাঠে গড়াবে আগামী বছরের ৯ জানুয়ারি, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ বিপিএল আসর বাদ দিয়ে বিগ ব্যাশে খেলেছিলেন রিশাদ।