ভারতে চন্দিপুরা ভাইরাসে ২২ শিশুর মৃত্যু

মস্তিষ্কে প্রদাহ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে ন্যাশনাল রেসপন্স টিম মোতায়েন করেছে দেশটির সরকার। খবর আনাদোলুর।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে জানায়, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দলটি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য ব্যবস্থা জোরদারে কাজ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চন্দিপুরা ভাইরাস মূলত বর্ষাকালে বালুমাছি, মশা ও কিছু বাহক পোকার মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস) দেখা দিতে পারে, যা দ্রুত প্রাণঘাতী রূপ নিতে পারে।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গুজরাট। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এখন পর্যন্ত ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত মাসে রাজস্থানেও এ ভাইরাসে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো, রোগ শনাক্তকরণ, মশা ও বাহক পোকা দমন এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, খিঁচুনি বা স্নায়বিক জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।