খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাদের জাতীয় জীবনে ৫ আগস্ট গুরুত্বপূর্ণ দিন।
তিনি বলেন, জুলাই আন্দোলন ছাত্র-জনতার আন্দোলন প্রথমে কোটা বিরোধী ও বৈষম্য বিলোপের দাবিতে শুরু হলেও পরবর্তীতে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটেছিল। একটি বৈষম্যহীন সমাজ গঠনের আকাঙ্খা নিয়ে সহস্রাধিক ছাত্র, জনতা, শ্রমিক জীবন দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক যাত্রা পুন:প্রতিষ্ঠা করে গেছেন বিধায় ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় নগর ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে খুলনা সিটি করপোরেশন এ আলোচনা সভার আয়োজন করে।
রক্তস্নাত রাজপথে রক্ত দিয়ে এই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যে আকাঙ্খা নিয়ে ছাত্র জনতা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আকাঙ্খা, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। গণমানুষের সেই আকাঙ্খার বাস্তবায়ন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং একটি নতুন সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত, শিববাড়ি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহে কাগজের জাতীয় পাতাকা দ্বারা এবং জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও দুর্লভ চিত্রের ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয় এবং অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমের পরিচালনায় জুলাই আন্দোলনে শহীদ শেখ মো. সাকিব রায়হানের স্মৃতিচারণ করেন তার বাবা মো. আজিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেসিসির কর্মকর্তা, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)