বিতর্ক উসকে দিল ভূমির মন্তব্য

ভারতের নিট প্রশ্নপত্র নিয়ে ঘটে গেল আরও এক বড় কেলেঙ্কারি। বিষয়টি নিয়ে ছাত্র আন্দোলনের আবহে অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত। প্রতিবাদকারীদের ব্যবহৃত ভাষার সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন ভূমি। সেই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া জানালেন গায়িকা নেহা ভসীন। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ভূমি বলেছিলেন, ‘দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহার কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।’ তার মতে, মতবিরোধ থাকতেই পারে। কিন্তু প্রতিবাদে শালীনতা বজায় রাখা জরুরি। তিনি আরও বলেন, “দেশের সংস্কৃতি ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখেই অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া উচিত। তবেই গঠনমূলক পরিবর্তনের পথ তৈরি হবে।’ 

ভূমির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে তার বক্তব্যকে সমর্থন করলেও একাংশের অভিযোগ, প্রতিবাদকারীদের ভাষার সমালোচনা করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের কথিত বলপ্রয়োগ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। এই প্রেক্ষিতেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ উগরে দেন নেহা। তার দাবি, প্রধানমন্ত্রী যদি প্রতিবাদকারীদের ভাষা নিয়ে উদ্বিগ্ন হন, তবে আন্দোলনের সময় মহিলাদের সঙ্গে পুলিশের অসদাচরণ নিয়েও প্রশ্ন তোলা উচিত। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। 

এতেই থেমে থাকেননি নেহা। ভূমিকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘রিয়েলিটি শো ‘লক আপ’-এ যেমন তার উপস্থিতি ‘স্ক্রিপ্টেড’ মনে হয়েছিল, তেমনই আন্দোলন নিয়ে তার বক্তব্যও স্বতঃস্ফূর্ত বলে মনে হয়নি। মত প্রকাশের সাহস না থাকলে নীরব থাকাই ভালো।’