শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি।  ছাত্র আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনার মধ্যেই একের পর এক মুখ খুলছেন বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের তারকারা। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে কেউ প্রশাসনের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন, কেউ আবার শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো দ্রুত সংস্কারের দাবি তুলেছেন। 

সোমবার (২০ জুলাই) রাজধানী দিল্লিতে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে লাখো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যারিকেড, জলকামান এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দিল্লির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এই পরিস্থিতিতে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সামাজিক মাধ্যমে লিখেছেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনের প্রতি আন্দোলনকারীদের দাবি গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, মানুষের কণ্ঠস্বরই প্রকৃত শক্তি।তবে নিজের অবস্থান প্রকাশ করায় আবারও তাকে ‘অ্যান্টি-ন্যাশনাল’ বলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন দিলজিৎ। কৃষক আন্দোলনের সময় সমর্থন দেওয়ার কারণে সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়ার কথাও স্মরণ করেন তিনি। 

অভিনেত্রী ভূমি পেডনেকরও ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হিংসার নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্র সংলাপের মাধ্যমেই শক্তিশালী হয়। তার মতে, দেশের তরুণদের আন্দোলন যেন সহিংসতার দিকে না যায়, সে বিষয়টি নিশ্চিত করা সবার দায়িত্ব।তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা এখনো উন্নত জীবনের সবচেয়ে বড় পথ। সেই বিশ্বাস কোনোভাবেই ভেঙে যেতে দেওয়া উচিত নয়। 

ভূমি শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতার কথাও তুলে ধরেন। প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতা, সমান সুযোগের অভাব, শিক্ষকের সংকট এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপের মতো সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, গত কয়েক বছরে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতিও অস্বীকার করার সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত