শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্চনার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় প্রতিবাদ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আদর ও তাদের সহযোদ্ধারা অনুষ্ঠানস্থলে আসেন। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গে ইমরান ও জাকিরকে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন বিএনপি নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাদের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায়ই প্রতিবাদ করা হয়।
অভিযোগ করে ইমরান আল নাজির বলেন, জেলা প্রশাসকের দাওয়াতে আমরা অনুষ্ঠানে আসি। অনুষ্ঠানে ঢোকার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা আমাকে ও আমার সহযোদ্ধা জাকিরকে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে অনুষ্ঠানস্থল থেকে ঘার ধরে বের করে দেয়।
তিনি বলেন, বিএনপি নেতারা বুঝাতে চায় ২৪ এর গণঅভ্যুত্থানে শরীয়তপুরে কোথাও কোনো আন্দোলন হয়নি। আমরাতো জানি কোথায় কোথায় আন্দোলন হয়েছে। জাজিরা নাওডোবা ও সখিপুরসহ বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করে আহত হয়েছেন। তা বিএনপি নেতারা অস্বীকার করতে চায়।
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরর্শেদ টিপু বলেন, ইমরান আল নাজিরসহ তার লোকজন আমাদের প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিনিয়ত ফেসবুকে লেখালেখি করে। আজ অনুষ্ঠানে এসেও প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বাজে ভাষায় সমালোচনা করেছে। তাই আমরা প্রতিবাদ করেছি।
এবিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হট্টগোল হয়নি। আগে যদি হট্টগোল হয়ে থাকে তা জেনে তারপর জানানো যাবে।