আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে ‘আদিবাসী জনগণ: জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এএলআরডি ও বাংলাদেশ আদিবাসী ফোরামসহ জাতীয় পর্যায়ের ১৭টি অধিকারভিত্তিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনার আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর সিরডাপের এটিএম শামসুল হক মিলনায়তনে (২য় তলা, চামেলী হাউজ, ১৭ তোপখানা রোড, ঢাকা) অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য আন্না মিনজ এমপি ও এডভোকেট মাধবী মারমা এমপি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ব্লাস্টের নির্বাহী পরিচালক (অনারারি) ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গবেষক ও নৃ-বিজ্ঞানী ড. ঈশিতা দস্তিদার এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম।
এ ছাড়া সমতল ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নেতা-নেত্রী, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন। সেমিনারে সভাপতিত্ব করবেন ভূমি অধিকার কর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।