ঢামেক হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ মামলার আসামি পটুয়াখালী সদর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান ওরফে মনির খান (৪৮)। গত বছরের জুনে গ্রেফতার হয়েছিলেন তিনি। চলতি বছরের জুনে কারাগারে অসুস্থ হয়ে পড়া মিজানুরকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। বুধবার সেখানেই তিনি মারা যান। মৃত্যুর ৭দিন আগেই তার জামিন হয়েছিল।

মিজানুরের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল খালেক। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

তার মামা সিরাজ মুন্সি জানান, বহু বছরের রাজনৈতিক জীবন তার। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে ছিলেন তিনি। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে থাকতেন। ২০২৫ সালেন ১৫ জুন তাকে আটক করা হয়। এরপর একে একে ৮টি মামলা দেয়া হয় তার নামে। যার ৬টি ঢাকার আর বাকি ২টি সদর উপজেলায়।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা অবস্থায় গত ৯ জুন, ২০২৬ তারিখে তিনি অসুস্থ হয়ে পাড়েন। কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার কয়েকদিন পর অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তিনি সেখানে মারা গেছেন। এরপর মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ৭টি মামলায় তার বেশ কিছুদিন আগেই জামিন হয়েছিল। সবশেষ মামলাটির জামিন হয় ৩০ জুলাই, যখন তিনি হাসপাতালের আইসিইউতে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহ পরিবার গ্রামের বাড়িতে নিয়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত