শিবিরের সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন স্থানে শিবিরের সন্ত্রাসী তাণ্ডব এবং সমকামিতার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি, যুগ্ম-আহ্বায়ক নাসিরুজ্জামান রাহাত, কলেজ ছাত্রদলের সভাপতি ইছমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করতে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। তারা দেশের বিভিন্ন স্থানে ও ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটাচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে সমকামিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।