দায়িত্বে অবহেলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। নোটিশে দায়িত্বে অবহেলার কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে গিয়ে তার বৃদ্ধা মাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রবিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী তিনি বলেন, 'আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নইলে বাড়ির ইট সুদ্ধা থাকবো না।'
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগ তুলে রবিন ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হলেও, সাদ্দাম হোসেনের দাবি—পারিবারিক বিরোধের জেরে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
রবিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবরে ধামরাইয়ে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় অভিযোগের সুষ্ঠু তদন্ত করে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা প্রয়োজন।
তবে শোকজের বিষয়ে জানতে রবিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন জানান, দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করার সুযোগ নেই। অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।