ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাত সরকারকে পাঠিয়েছে দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হয়ে দেশে আটকে পড়া ৯৮৫ বাংলাদেশি প্রবাসীর তথ্য কূটনৈতিক নোটের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভিসা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ইমেইলে পাওয়া প্রায় আড়াই হাজার আবেদন যাচাই-বাছাই করে প্রথম ধাপে ৯৮৫ জনের তথ্য পাঠানো হয়েছে। নতুন আবেদনগুলোও পর্যায়ক্রমে যাচাই করে পাঠানো হবে।

কূটনৈতিক নোটে ভিসা বাতিলের কারণ, পুনরায় ভিসা সক্রিয় করার সম্ভাবনা এবং দেশে অবস্থানরত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে দূতাবাস স্পষ্ট করেছে, ভিসা পুনর্বহালের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমিরাত সরকারের এখতিয়ার।

এদিকে, ভিসা বাতিলের খবরে দেশে ছুটিতে থাকা অনেক বাংলাদেশির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত ভাড়া দিয়ে আমিরাতে ফেরার চেষ্টা করছেন।

দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমিরাত সরকার এখনও ভিসা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে শ্রম আইন লঙ্ঘন, কোটার অতিরিক্ত কর্মী নিয়োগ, পেশাগত অসঙ্গতি, সামাজিক মাধ্যমে আইনবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন কারণে ভিসা বাতিল হয়ে থাকতে পারে। তিনি প্রবাসীদের আমিরাতের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান।