প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ এএম

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) প্যারিসের ১৬তম এরোনডিসমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের বাণীও অনুষ্ঠানে পাঠ করা হয়।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই চেতনা ধারণ করে উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দূতাবাস জানায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত কনসুলার সেবা সীমিত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি একদিন আগে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

উপস্থিত ছিলেন এম এ রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, ইফতেশাম চৌধুরী, মনোয়ার পাটোয়ারী, শহিদুল ইসলাম, ফারুক আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় দূতাবাসের প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত