চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকসেবী ভাতিজাকে খুঁজতে গিয়ে শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন।
শাহজাহানের ভাই রিয়াদ পাটওয়ারীর অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মাহমুদ স্বপনের নির্দেশে শাকিলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল জিসান (২৫) নামে এক যুবককে খুঁজতে তাদের এলাকায় যায়। এ সময় শাহজাহান পাটওয়ারী ঘটনাটির কারণ জানতে চেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বাঁশ ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রুপক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মাহমুদ স্বপন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না; একটি দলীয় কর্মসূচিতে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।