চাঁদপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

চাঁদপুরে যাত্রীবাহী বাসচাপায় নুরুল আমিন নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাবুরহাট পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা।

আহতরা হলেন চাঁদপুর মতলব দক্ষিণের বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের অটোরিকশাচালক রায়হান (৩০) ও সবাশিপুর গ্রামের কবির (৪০)।

স্থানীয় ও আহতরা জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি মতলবে যাচ্ছিল। পথে পেন্নাই সড়কের আলিকার দোকান অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিতে চাপা দেয় । এতে ঘটনাস্থলে নুরুল আমিন নিহত হন। এঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে নুরুল আমিন মারা যান। আহত অটোরিকশাচালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, দুর্ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত