অ্যাপস্টোরে ফিরল টেলিগ্রাম

শিশু যৌন নিপীড়নসংক্রান্ত আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল। তবে টেলিগ্রাম দ্রুত বিতর্কিত কনটেন্ট অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পর একই দিনেই অ্যাপটি আবার অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়। অ্যাপলের এক মুখপাত্র জানান, অ্যাপ স্টোর পর্যালোচনার সময় শিশু সুরক্ষাবিষয়ক নীতিমালার স্পষ্ট লঙ্ঘনকারী কিছু কনটেন্ট শনাক্ত করা হয়েছিল। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর টেলিগ্রাম দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় পুনরায় ডাউনলোডের অনুমতি দেওয়া হয়।

এটি টেলিগ্রামের জন্য প্রথম ঘটনা নয়। ২০১৮ সালেও একই ধরনের অভিযোগে অ্যাপটি সাময়িকভাবে সরানো হয়েছিল। পরে নিরাপত্তা ও কনটেন্ট পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার পর সেটি পুনর্বহাল করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেলিগ্রাম জানায়, একই নীতি যেন অ্যাপ স্টোরের সব অ্যাপের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হয়। কোম্পানিটির দাবি, শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিষয়ে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং চলতি বছর নীতিমালা লঙ্ঘনের অভিযোগে প্রায় ৩ লাখ ৩৮ হাজার গ্রুপ ও চ্যানেল বন্ধ করা হয়েছে।

অন্যদিকে ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনি অ্যাপলের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, একজন ব্যবহারকারীর অপরাধের দায়ে কোটি কোটি ব্যবহারকারীর সেবা বন্ধ করা যৌক্তিক নয়। এদিকে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের নিয়ন্ত্রক সংস্থা টেলিগ্রামের কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে নজরদারি অব্যাহত রেখেছে।