ওয়াকিলুর রহমান সমকালীন শিল্পকলা অঙ্গনের একজন বিশিষ্ট প্রথাবিরোধী চিত্রশিল্পী, কিউরেটর ও নির্দেশক। চারুকলার ঐতিহ্যবাহী ধারা এবং আধুনিক আন্তর্জাতিক চর্চার এক অনন্য সমন্বয় ঘটেছে তার জীবন ও শিল্পকর্মে।
তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। পরবর্তী সময় তিনি চীনের ঐতিহ্যবাহী সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক ধারার সঙ্গে নিজেকে আরও গভীরভাবে যুক্ত করার লক্ষ্যে তিনি জার্মানির বার্লিনে অবস্থিত বিখ্যাত ইউডিকে থেকে প্রসংগভিত্তিক শিল্পকলা বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিনি একক ও যৌথভাবে শিল্পচর্চা চালিয়ে আসছেন। চীন, বাংলাদেশ ও জার্মানিজুড়ে তিনি ষাটটিরও বেশি একক প্রদর্শনী আয়োজন করেছেন। এ ছাড়া নব্বইয়ের দশক থেকে ফ্রান্স, জার্মানি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, নরওয়ে, পোল্যান্ড ও তাইওয়ানসহ বিশে^র অসংখ্য দেশের বিখ্যাত আন্তর্জাতিক শিল্প উৎসব, দ্বিবার্ষিকী ও ত্রিবার্ষিকী প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
শিল্পকে কেবল ক্যানভ্যাসের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তিনি ভাস্কর্য, ম্যুরাল এবং বিভিন্ন ধারণানির্ভর পাবলিক আর্ট প্রজেক্টে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য একক ও যৌথ উদ্যোগগুলোর মধ্যে করোনা-আত্ম সন্ধান, সংযম, আলোয় আঁধারে এবং নোবডি ইজ পারফেক্ট এভরিবডি ইজ পারফেক্টের মতো বিষয়ভিত্তিক প্রজেক্ট অন্যতম। তিনি ঐতিহ্যবাহী শিল্পী সংগঠন ‘সময়’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
বর্তমানে ওয়াকিলুর রহমান ঢাকার লালমাটিয়ায় অবস্থিত গ্যালারি কলাকেন্দ্রের পরিচালক ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কলাকেন্দ্রের মাধ্যমে তিনি তরুণ ও বিকল্প ধারার শিল্পীদের কাজ প্রদর্শনের একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করে দিয়েছেন। এর পাশাপাশি তিনি এশিয়া প্যাসিফিক বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করছেন এবং স্বাধীনভাবে শিল্পকলা পরিচালনা ও প্রদর্শনী পরিকল্পনার কাজ চালিয়ে যাচ্ছেন।