মুক্তি পেল ‘পেইন্ট অন ড্রাই লিফ’

করোনা মহামারীতে স্বজন হারানোর তীব্র যন্ত্রণা এবং বায়ুদূষণের বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি সীমিত দৈর্ঘ্যরে চলচ্চিত্র ‘পেইন্ট অন ড্রাই লিফ’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গতকাল রাত ১২টা থেকে এটি দর্শকরা দেখতে পাবেন। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন মাহফুজ নাজিম মাপেল। প্রযোজকের বাবা করোনায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যাওয়ার করুণ অভিজ্ঞতা থেকেই ছবিটির মূল ভাবনা তৈরি হয়েছে।

প্রযোজক মাপেল জানান, এই সিনেমাটি তার কাছে বাবাকে বাঁচিয়ে রাখতে না পারার ঋণ শোধের একটি চেষ্টা। চলচ্চিত্রে তন্বী চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ এবং তূর্য চরিত্রে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে নওশাবা বলেন, কাজটির মাধ্যমে তিনি নতুন করে জীবনকে উপলব্ধি করতে পেরেছেন। অন্যদিকে বর্ষণ মনে করেন, উন্নয়নের নামে বৃক্ষনিধনের ফলে ভবিষ্যতে যে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দেবে, এটি তারই এক কাব্যিক দৃশ্যকাব্য।

পরিচালক ফুয়াদুজ্জামান ফুয়াদ জানান, লম্বা স্থির ফ্রেম, কুয়াশাচ্ছন্ন বিমূর্ত দৃশ্যপট এবং সংলাপের চেয়ে নিঃশ্বাসের শব্দের ওপর বেশি ভরসা রেখে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। এটি মূলত বেঁচে থাকার টানাপড়েন ও সম্পর্কের আবেগঘন গল্প।