টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:০৭ এএম

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি ভেনিসের ‘অরিজোন্তি’ বিভাগে জায়গা করে নেওয়ার পর এই নতুন স্বীকৃতি পেল।

মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প সাজানো হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, বিয়ে ও শৈশবের মানসিক ট্রমাকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া টিআইএফএফের ৫১তম আসরে প্রদর্শিত হবে। ক্যানস ও ভেনিসে পুরস্কৃত বিশ্বখ্যাত নানা সিনেমার সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রুবাইয়াত হোসেনের এই সৃষ্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত