ফেসবুকে জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ ও ‘জুলাই মুরতাদ’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী শারাফাত শারিক রোহানকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে হস্তান্তর করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
জানা গেছে, গতকাল অভিযুক্তের নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা দুটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। শারাফাত শারিক রোহান প্রথম পোস্টে লেখেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে, শত শত নিরীহ মানুষের লাশের ওপর পা রেখে রাজনীতি করা জুলাই জঙ্গিদের পতন সমাগত।’
অপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘যে গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ সেøাগান দিয়েছে ও অতি আবেগী সাধারণ শিক্ষার্থীদের বিপথগ্রস্ত করেছে এবং বিএনপির মতো তথাকথিত মুক্তিযুদ্ধপন্থি দল তা সমর্থন দিয়ে প্রতারণা করে ক্ষমতায় এসেছে, তারা সমান দোষে দুষ্ট।’ অভিযুক্ত শিক্ষার্থী শারাফাত শারিক রোহান বলেন, ‘জুলাই জঙ্গি’, ‘জুলাই মুরতাদ’ শব্দ দুটি ব্যবহার করা অনুচিত হয়েছে। মানুষের আবেগের জায়গায় আঘাত করা আমার অনুচিত হয়েছে। এজন্য আমি অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী।