প্রিপেইড মিটার বাতিল দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিলের ঘোষণা

প্রিপেইড মিটার বাতিল দাবিতে আগামী ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিলের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মিছিলপূর্ব সমাবেশ থেকে হরতালসহ কঠোর কর্মসূচির ডাকেরও ইঙ্গিত দিয়েছেন সংগঠনটির নেতারা। গত মঙ্গলবার রাতে ‘প্রিপেইড মিটার চাই না, প্রতিরোধ করুন’ এই আহ্বানে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ইঙ্গিত দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, জেলে যেতে হলে যাব তবুও প্রিপেইড মিটার লাগাতে দেব না।  বিদ্যুৎ বিভাগ যদি কারও বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে চায় তাহলে সে ডাকাত। সেক্ষেত্রে তার সঙ্গে ডাকাত প্রতিরোধের মতোই আচরণ করতে হবে। আগামী ১১ আগস্ট আমরা গণমিছিল করব। প্রয়োজনে হরতাল ডাকব।

পাঠানটুলী উৎসব কমিউনিটি সেন্টারে উত্তর হাজীগঞ্জ একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তর হাজীগঞ্জ একতা সমাজকল্যাণ সংঘের সভাপতি হাজি মো. রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, অ্যাডভোকেট শাহজাহান মোড়ল প্রমুখ।