সবুজবাগে খালপাড় থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

রাজধানীর সবুজবাগ মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা (২০) এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ভরা ছিল।

তিনি আরও জানান, ওই নারীর শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহ খণ্ড খণ্ড করে কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।