পদ্মার ভাঙ্গন দেখতে গিয়ে শিশু নিঁখোজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকা পাড়া গ্রামে নানী বাড়ি থেকে প্রমত্ত পদ্মার ভাঙ্গন দেখতে গিয়ে পাড় ভেঙ্গে নদীতে ডুবে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) বিকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের কন্যা নুরীয়া (৭) পদ্মা নদীতে নিখোঁজের পর ২০ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন আল-ফারুক জানায়, গতকাল বিকালে শিশু নুরিয়া নানার বাড়ি বেড়াতে এসে ঘটনাস্থলে পদ্মার নদীর ভাঙ্গন দেখতে আসে। এসময় নদীর তীরে যেখানে শিশুটি দাঁড়িয়ে নদীর ভাঙ্গন দেখছিল সেখান থেকেই আকস্মিক ভাবে পুরো মাটি ভেঙ্গে নদী গর্ভে চলে যায়, সেই সাথে শিশু নুরীয়া নদীর মধ্যে পড়ে গিয়ে সেখানেই নিখোঁজ হয়। সেখানে নদীতে তীব্র স্রোতের কারণে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা চেষ্টা করেও শিশুটির কোন সন্ধান করতে পারেনি। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। আজ বৃহষ্পতিবার সকালে  খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দিয়েছেন। 

বেলা ১১টা পর্যন্তও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।