নেত্রকোনার কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে এঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উপজেলার কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে মুয়াজ (১) ও একই উপজেলার শুনই গ্রামের টিটু মণ্ডলের ছেলে তাসকিন তারেক (২)।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় এক বছর বয়সী শিশু মুয়াজ। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক ডা. হাসিবুল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করে।
এদিকে, উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির চারপাশে জমে থাকা ডোবার পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু তাসকিন তারেকের মৃত্যু হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।