পুকুর থেকে মাছ চুরি সন্দেহে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ছোট ভাইয়ের পুকুর থেকে বড় ভাই মাছ ধরেছে এই সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। 

এর আগে বুধবার (৫ আগস্ট) রাত ১১ টায় চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রদশা দাস উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকার বাবুরাম দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরার অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাত ১১টায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রদশা দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।