ক্রমেই যেন আইনের গভীর জালে পড়ে যাচ্ছেন টলিউডের বহুল চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই একের পর এক মামলা দায়ের হচ্ছে। যদিও আগেই তার বিরুদ্ধে কলকাতার একাধিক মামলায় জড়িয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন জেলাতেও দায়ের করা হয়েছে অভিযোগ।
এবার (গতকাল বুধবার) তার বিরুদ্ধে কলকাতার মুচিপাড়া থানায় দু'টি পৃথক মামলা দায়ের হলো। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। এই নিয়ে তার বিরুদ্ধে আগেই বিষ্ণুপুর,আনন্দপুর, বিধাননগর সাইবার, ঠাকুরপুকুর সহ একাধিক জেলাতে অভিযোগ দায়ের হয়। নৈহাটি, হালিশহরের পরে বেলঘরিয়া টিটাগড় অশোকনগর থানাতেও এফআইআর দায়ের হয়েছে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে।
যদিও এই ইস্যুতে বিতর্ক শুরু হতেই নিজের ব্যাখ্যা দিয়েছিলেন অভিনেত্রী। শ্রীলেখা সোশ্যাল মিডিয়াতে জানান, ওই দিন তার কাছে চশমা ছিল না। সানগ্লাস ছিল। তাই তিনি না দেখেই হাতে পোস্টার তুলে নেন। তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেননি বলেও দাবি করেন শ্রীলেখা।