নিজের ছবির প্রচারণা থেকে বাদ শ্রীলেখা, ডাক পাননি প্রিমিয়ারেও!

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

সোজা সাপটা মন্তব্যের জন্য বছরজুড়েই চর্চায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার নিজের অভিনীত ছবি ‘ভুতু আয়া ভাগো’র মার্কেটিং ও প্রমোশন টিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তার সোজা অভিযোগ— নিজের সোচ্চার স্বভাব ও তথাকথিত ‘বিতর্কিত ভাবমূর্তি’র কারণেই হয়তো তাকে সিনেমার যাবতীয় প্রচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) মুক্তি পেতে সৌভিক দে পরিচালিত এবং শ্রীলেখার নতুন ছবি ‘ভুতু আয়া ভাগো’। কিন্তু ছবির প্রিমিয়ারে কি দেখা যাবে শ্রীলেখাকে? তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাওয়া হলে, চিরপরিচিত ভঙ্গিতে হেঁয়ালি রেখেই অভিনেত্রীর সংক্ষিপ্ত জবাব, ‘বিষয়টা একটু কম্প্লিকেটেড!’ সম্প্রতি সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তা শেয়ার করে নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘এই ছবিটির প্রমোশন কীভাবে সামলানো হচ্ছে তা নিয়ে আমার সত্যি কোনো ধারণা নেই। আমার তথাকথিত বিতর্কিত ইমেজের ভয়ে মার্কেটিং টিম হয়তো আমাকে ছবির প্রমোশন থেকে সরিয়ে রেখেছে।’

তবে বাদ পড়লেও পেশাদারিত্ব বজায় রেখে শ্রীলেখা স্পষ্ট জানান, যে ছবির তিনি অংশ, সেটির তিনি প্রচার করবেনই। ছবির প্রযোজক ডঃ মনোরঞ্জন জেনা, পরিচালক সৌভিক দে, সহ-অভিনেতা এবং সমস্ত কলাকুশলীদের শুভেচ্ছা জানান তিনি। বিশেষ ভাবে স্মরণ করেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, যিনি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শ্রীলেখার কথায়, ‘অভিনেতারা তাঁদের কাজের মাধ্যমেই চিরকাল বেঁচে থাকেন।’ ইন্ডাস্ট্রি ও প্রযোজকদের বাঁচিয়ে রাখার তাগিদ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘একজন প্রযোজক টিকে থাকা মানে শত শত শিল্পী ও কলাকুশলীর রুজি-রুটি ও পুরো ইকোসিস্টেম বেঁচে থাকা।’

শ্রীলেখার এই বিস্ফোরক পোস্টের পর বিনোদন জগতে সমালোচনার ঝড় উঠেছে। এক নেটিজেন কমেন্ট বক্সে হতাশা প্রকাশ করে লেখেন, ‘এটা ভীষণ অপেশাদার এবং নীতিহীন কাজ! তার মানে কোনো শিল্পী নিজের মত প্রকাশ করতে পারবেন না? সংস্কৃতির প্রাণকেন্দ্র আমাদের বাংলাতেই এমন ঘটনা ঘটছে!’ অনুরাগীর এই মন্তব্যের জবাবে শ্রীলেখা মিত্রের স্বাভাবিক ছন্দের দেখা মেলে। তিনি লেখেন, ‘এসব এখন আমার জলভাত হয়ে গেছে। নিজের মতামত স্পষ্ট করে বললে, বিশেষ করে সে যদি নারী হয়, তবে সমাজ বা ইন্ডাস্ট্রি কেউ তা সহজে মেনে নেবে না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত