শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ২০ হাজার ৮ শত টাকা।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের কাছে গোপন সূত্রে খবর আসে যে, নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধের একটি চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। 

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টার দিকে পানিহাটা সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।