বগুড়ার শেরপুর উপজেলার প্রায় সাড়ে চার’শ বছরের পুরনো ঐতিহাসিক খেরুয়া মসজিদ ও খন্দকারটোলা মাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশার কারণে সড়ক সংস্কারের দাবিতে অভিনব কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার (১ আগস্ট) এলাকাবাসী ক্ষতিগ্রস্ত সড়কে অভিনব এই প্রতিবাদের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, স্থানীয়রা রাস্তার মাঝখানে প্রায় ৬ ফুটজুড়ে ইট, বালু ও সিমেন্ট দিয়ে ঢালাইয়ের মতো প্রতিবন্ধক তৈরি করেছেন। পাশাপাশি দুই পাশে বস্তা টাঙিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। বর্তমানে সড়কটি দিয়ে কেবল পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আমাদের এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো উন্নয়ন হয়নি। এতে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সড়কটির সংস্কার হবে বলে আশা করছি।
এ বিষয়ে ১০ নং শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবুল কালাম আজাদ বলেন, রাস্তা বন্ধ করে সংস্কার দাবীতে প্রতিবাদের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে সড়কটির বেহাল অবস্থার কথা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঊল্লেখ্য, খেরুয়া মসজিদ দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা হওয়ায় প্রতিদিন দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে আসেন। কিন্তু প্রবেশ পথের সড়কের বেহাল দশার কারণে দেশি-বিদেশী দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন, যা এলাকার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
