পরোজপুরের ভাণ্ডারিয়ায় নৈশকালীন পুলিশি টহলের সময় চারটি চোরাই মহিষ ও একটি পিকআপভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সদস্য মো. কামরুল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৫-৮৫৬৪ নম্বরের একটি পিকআপভ্যান থেকে চারটি মহিষ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তাকৃত কামরুল হাওলাদার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বাপ্পির নেতৃত্বে একদল পুলিশ নিয়মিমত নৈশ টহল পরিচালনা করছিল। টহলের একপর্যায়ে কানুয়া এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনে চারটি মহিষ পাওয়া যায়। মহিষগুলোর মালিকানা সম্পর্কে জানতে চাইলে কামরুল হাওলাদার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া তিনি মহিষগুলোর উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো ব্যাখ্যাও দিতে ব্যর্থ হন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মহিষগুলো চোরাই বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মহিষ ও জব্দ করা পিকআপভ্যান বর্তমানে ভাণ্ডারিয়া থানা হেফাজতে রয়েছে। মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার কামরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ করছে পুলিশ।