আর ঢাকা নয়, বরিশালেই মিলবে উন্নত চিকিৎসা: ড. জিয়াউদ্দিন 

উন্নত চিকিৎসার জন্য বরিশালের কোনো রোগীকে যেন আর ঢাকামুখী হতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা শহরের হাসপাতালে পর্যায়ক্রমে ‘বার্ন ইউনিট কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দগ্ধ রোগীরা দ্রুত ও জরুরি চিকিৎসাসেবা পেতে পারেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘দগ্ধ রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে জেলা শহরের হাসপাতালগুলোতে একটি করে বার্ন ইউনিট কর্নার চালু করা হবে।’ সভায় তিনি হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় শেবাচিম হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর সমাধানের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ পেশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন— শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রেফায়েতুল হায়দার, বরিশাল ড্যাব সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান ও বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানগণ।