আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস আগামী রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হবে।
আদিবাসীদের জীবনধারা, মৌলিক মানবাধিকার, ভাষা ও সংস্কৃতি, বন ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ, মিডিয়া, সংখ্যাগরিষ্ঠ জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলা এবং আদিবাসীদের অধিকারের প্রতি সমর্থন বৃদ্ধি করাই হলো এই দিবস উদযাপনের মূল লক্ষ্য।
এই দিন হোক আমাদের সবার জন্য সম্প্রীতির, আনন্দের, উৎসবের, আশা ও সম্ভাবনার। সাংস্কৃতিক বৈচিত্র্যের এই সম্মিলনে আসুন সকলে মিলে দেশের কল্যাণের জন্য, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজের জন্য কাজ করি। আর এই কাজে আদিবাসীদের মানুষের অংশগ্রহণকে অবারিত করি।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৪ সালে রেজুলেশন ৪৯/২১৪ গ্রহণ করে ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে এবং দিবসটি পালনের জন্য সদস্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানায়।
সবাইকে আদিবাসী দিবসের আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।