যুগ যুগ ধরে মেডিটেশন মন ভালো রাখার কাজ করছে বলে মন্তব্য করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।
তারা বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয় তেমনি মনের দূষণও নিজের ও অন্যের কষ্টের কারণ হয়। ব্যক্তির মন যদি ভালো থাকে তাহলে পরিবার, সমাজসহ সারা বিশ্বই ভালো থাকে। যুগ যুগ ধরে মন ভালো রাখার সেই কাজটিই করছে মেডিটেশন।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী এবং কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতকের অডিওবার্তা মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।
প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক অডিওবার্তায় বলেন, কোয়ান্টাম তিন দশক ধরে বলে আসছে মন ভালো তো সব ভালো। ২০২৪ সালে জাতিসংঘ ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করলে সারা পৃথিবীর মেডিটেশন চর্চাকারীদের মতো বাংলাদেশের মেডিটেশনপ্রেমীদের অন্তরেও বয়ে যায় এক আনন্দানুরণন। কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে। সমাজের সর্বস্তরে মেডিটেশন চর্চা নতুন গুরুত্ব লাভ করে।
অনুষ্ঠানে মেডিটেশন চর্চার অনুভূতি বর্ণনা করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও স্কলাস্টিকা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাহিদা রহমান।
