সিরাজগঞ্জে ১১ দলের স্মারকলিপি প্রদান

গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বা 'ভূতুরে' বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের দরগা রোডের জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রসাসকের কার্যলয়ের সামনে শেষ হয়। মিছিল শেষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের  মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের জেলা সমন্বয়ক মুহাম্মদ  জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, ছাত্রশিবিরের শহর শাখা'র সভাপতি হাবিবুল্লাহ সরকার সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ। 

 মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিলে সব থেকে বেশি কারচুপি হচ্ছে, এখানে মিটার চার্জ, ডিমান্ড চার্জ, তার মধ্যে যোগ হয়েছে ভূতুরে বিল। এ চার্জ দিতে দিতে জনগণ নাজেহাল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ৬ মাস আগেও ১ হাজার টাকায় বিদ্যুৎ বিল দিয়ে যে পরিবার টা চলতো এখন সেই পরিবারকে ২ থেকে আড়াই হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে।