ডেঙ্গু ও হাম প্রতিরোধে চট্টগ্রামে লায়ন্স ক্লাবের মাসব্যাপী কর্মসূচি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

‘অক্টোবর সেবা মাস’ উপলক্ষে ডেঙ্গু ও হাম প্রতিরোধে মাসব্যাপী সচেতনতা কার্যক্রম ও স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করবে চট্টগ্রামের লায়ন্স ক্লাবসমূহ। আগামী ১ অক্টোবর থেকে এ কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে দান কার্যক্রম, ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ এবং মশারি বিতরণ।

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোড এলাকায় লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন্স ক্লাব চট্টগ্রাম জেলার গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, প্রথম ভাইস গভর্নর লায়ন পারভীন মাহমুদ, সাবেক জেলা গভর্নর লায়ন সামশুদ্দিন সিদ্দিকী, রিজিয়ন চেয়ারপারসন লায়ন এম. এইচ. শাহ বেলাল, অশোক কুমার নাথসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের ২১০টি দেশে ৫০ হাজার ৪৯৮টি ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লাখ লায়ন সদস্য দিনরাত সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে মাল্টিপল জেলা ৩১৫-এর সাতটি লায়ন্স জেলার ৮০৬টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ২২ হাজার ৪৫৯ জন লায়ন সদস্য সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনকে ঘিরে ১৫ বছর মেয়াদি একটি মাস্টারপ্ল্যান তৈরির প্রক্রিয়া চলছে। এটি দীর্ঘমেয়াদি প্রকল্প হলেও সিএলএফের বিদ্যমান অবকাঠামোগত সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে আরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে সুচিন্তিত পরিকল্পনা প্রয়োজন।

তারা বলেন, এ কমপ্লেক্স প্রতিষ্ঠা করা গেলে এটি দেশের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত