আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলের দলবদলে সব রেকর্ড ভেঙে দেওয়ার মতো এক ঘটনা ঘটেছে! আতলেতিকো মাদ্রিদ থেকে ২০ মিলিয়ন ইউরোতে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড থিয়াগো আলমাদাকে কিনে নিচ্ছে জায়ান্ট রিভার প্লেট। এটি শুধু রিভার প্লেটের নয়, পুরো আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসেই সবচেয়ে ব্যয়বহুল দলবদল।
রিভার প্লেটের সাথে আলমাদার সাড়ে তিন বছরের চুক্তি চূড়ান্ত হয়েছে। ট্রান্সফার ফি- ২০ মিলিয়ন ইউরো; মেয়াদ- সাড়ে তিন বছর। বাই-ব্যাক ক্লজ: ১৮ মাসের জন্য আতলেতিকো মাদ্রিদের অনুকূলে ৪০ মিলিয়ন ইউরোর একটি পুনর্ক্রয় ধারা রাখা হয়েছে।
এর আগে আর্জেন্টিনায় সবচেয়ে দামী দলবদল ছিল ২০০৭ সালে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল থেকে হুয়ান রোমান রিকেলমেকে ১৪ মিলিয়ন ডলারে বোকা জুনিয়র্সের ফেরত আনা।
বিশ্বকাপের আগে থেকেই আলমাদার এজেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল রিভার প্লেট। যদিও এই ফরোয়ার্ডের প্রাথমিক লক্ষ্য ছিল ইউরোপে থাকা, এবং মাঝে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো তাকে দলে টানতে জোরালো চেষ্টা চালিয়েছিল, তবে শেষ পর্যন্ত রিভার প্লেটের মেগা প্রোজেক্ট এবং বিশ্বমানের প্রস্তাবের কাছেই হেরে যায় ব্রাজিলের দলটি।
আলমাদার যোগদানের মাধ্যমে রিভার প্লেটের বর্তমান স্কোয়াডে বিশ্বকাপজয়ী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ৫ জনে—গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওতামেন্দি এবং আতলেতিকো থেকে আসা বন্ধু আনহেল কোরিয়া।
ভেলেজ সার্সফিল্ডের অ্যাকাডেমি থেকে উঠে আসা আলমাদা ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে ২৪ গোল করেন। সেখান থেকে মেজর লিগ সকারের দল আটলান্টা ইউনাইটেডে (৮৩ ম্যাচ/২৬ গোল) গিয়ে নজর কাড়েন।
পরবর্তীতে ২০১৪ সালে বোতাফোগোতে (২৬ ম্যাচ/৩ গোল) যোগ দিয়ে ক্লাবটিকে কোপা লিবের্তাদোরেস জেতাতে ভূমিকা রাখেন। সেখান থেকে অলিম্পিক অলিম্পিক লিওঁ হয়ে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। ডিয়েগো সিমিওনের অধীনে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ায় এবার নিজের ক্যারিয়ারকে নতুন গতি দিতে রিভার প্লেটের ঐতিহ্যবাহী লাল-সাদা জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড।