রিয়ালে রোনালদো-বেলিংহ্যামদের পেছনে ফেললেন দিওমান্দে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম
সান্তিয়াগো বার্নাব্যুর সাদা জার্সিতে এখনো মাঠে নামাই হয়নি, অথচ তাতেই রিয়াল মাদ্রিদের ১৪৮ বছরের ইতিহাস ও ঐতিহ্যের পাতায় নিজের নাম অনন্য উচ্চতায় তুলে ধরলেন আইভোরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দে। আরবি লাইপজিগ থেকে ২০৩৩ সাল পর্যন্ত চুক্তিতে এই উদীয়মান তারকাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর এই দলবদলেই চুরমার হয়ে গেছে ক্লাবের আগের সব আর্থিক রেকর্ড।
 
রিয়াল মাদ্রিদ দিওমান্দের জন্য ১২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি পরিশোধ করছে, যার সাথে যুক্ত রয়েছে আরও ১৫ মিলিয়ন ইউরোর বোনাস। এর ফলে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কেনা ফুটবলারে পরিণত হয়েছেন এই তরুণ।
 
রিয়ালের জার্সিতে খেলার আগেই দলবদলের বিশ্বরেকর্ড মূল্যে পেছনে ফেলে দিয়েছেন ক্লাবটির ইতিহাসের সেরা সব তারকাকে:

ফুটবলার সাবেক ক্লাব দলবদল ফি (ইউরো)
১. ইয়ান দিওমান্দে আরবি লাইপজিগ ১২৫+১৫ মিলিয়ন
২. জুড বেলিংহ্যাম বরুসিয়া ডর্টমুন্ড ১২৭ মিলিয়ন (১০৩+অ্যাড অনস)
৩. এডেন হ্যাজার্ড চেলসি ১২০ মিলিয়ন
৪. গ্যারেথ বেল টটেনহ্যাম ১০১ মিলিয়ন
৫. ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ৯৪ মিলিয়ন
 
মাত্র ২১ মাস আগেও ইউরোপের বোর্নমাউথ, চেলসি কিংবা রেঞ্জার্সের মতো দলগুলো যাকে সাইন করাতে অসম্মতি জানিয়েছিল, সেই দিওমান্দেই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি তরুণ ফুটবলারদের একজন।
 
দিওমান্দের এই রূপকথার সূচনা ২০২৪ সালের ১৪ নভেম্বর, নিজের ১৮তম জন্মদিনে স্প্যানিশ ক্লাব লেগানেসের রিজার্ভ টিমে যোগ দেওয়ার মাধ্যমে। প্রথম দিনের অনুশীলনেই মূল দলের তৎকালীন কোচ বোর্খা হিমেনেজকে চমকে দিয়ে প্রথম একাদশে জায়গা করে নেন।
  • লাইপজিগে অবিস্মরণীয় মৌসুম: ২০২৫ সালে তাকে মাত্র ২০ মিলিয়ন ইউরোতে কিনে নেয় জার্মান ক্লাব লাইপজিগ। ২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগায় ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করার পাশাপাশি লাইপজিগকে পয়েন্ট তালিকার তিনে রেখে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনে মূল ভূমিকা রাখেন তিনি।
  • বিশ্বকাপের উজ্জ্বল তারকা: জাতীয় দল আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপে অন্যতম বেশি ড্রিবল করা খেলোয়াড় ছিলেন তিনি।
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার পর ক্লাবে ফিরেছেন কোচ জোসে মরিনহো। নতুন মৌসুমে মার্ক কুকুরেয়া, বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রিজকে নেওয়ার পর এবার সবচেয়ে বড় চমক হিসেবে দিওমান্দেকে নিশ্চিত করলেন মরিনহো।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত