সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাঁশতলা সড়কের মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুস্তাকিম হোসেন (৪) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পরিবারের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, শিশু মুস্তাকিম ব্যাটারি চালিত ভ্যান যোগে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বহনকারী ভ্যানটির। এতে ঘটনাস্থলেই শিশু মুস্তাকিমের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে খুলনা মেট্রো-ড ১১-০৩০৭ নাম্বারের ট্রাকসহ এর চালক আল আমিনকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করে থানায় নিয়ে যান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ এর চালক বর্তমানে থানা হেফাজতে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।