আর্সেনালের স্বপ্নভঙ্গ; রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

আর্সেনালের জোরালো আগ্রহ এবং কয়েক সপ্তাহের তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। চুক্তি অনুযায়ী আগামী ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন তিনি।

বুধবার দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় সমঝোতা পৌঁছায় এবং ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার থাকার বিষয়টি নিশ্চিত করে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে ভিনিসিউসকে তাদের প্রধান টার্গেট হিসেবে নির্ধারণ করেছিল আর্সেনালের মালিকপক্ষ। রিয়ালের সঙ্গে চুক্তি বাড়াতে না চাইলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার সুযোগ ছিল ভিনির, আর সেই সুযোগটি নিতে তৈরি ছিল গানাররা। ভিনি নিজেও চুক্তির সমঝোতা না হলে আর্সেনালে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ছিলেন, তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের নতুন প্রকল্প ও আর্থিক প্রস্তাব গ্রহণ করে সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।

​রিয়াল মাদ্রিদ ভিনির গুরুত্ব অনুধাবন করে নিজেদের আগের প্রস্তাবকৃত ২০–২২ মিলিয়ন ইউরোর অফার বাড়িয়ে নতুন এই মেগা চুক্তি চূড়ান্ত করেছে:

  • মূল বেতন: মৌসুম প্রতি প্রায় ২৪ মিলিয়ন ইউরো (নেট), যা তার আগের ১৫–১৮ মিলিয়ন ইউরোর চুক্তির তুলনায় বেশ বড় লাফ।
  • পারফরম্যান্স অ্যাড-অনস: লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়, দলীয় সাফল্য, গোলসংখ্যা এবং ব্যালন ডি'অরের মতো ব্যক্তিগত অর্জনের বোনাস মিলিয়ে তার সম্ভাব্য বার্ষিক আয় পৌঁছে যেতে পারে প্রায় ৩০ মিলিয়ন ইউরো। 

রিয়ালে ভিনির পরিসংখ্যান ও অর্জন

২০১৮ সালের জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের অন্যতম প্রধান খেলোয়াড়ে পরিণত হন ভিনিসিউস।

  • ম্যাচ ও গোল: রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করার পাশাপাশি ১০০টি গোলের পাস (অ্যাসিস্ট) বাড়িয়েছেন।
  • শিরোপা জয়: ক্লাবের জার্সিতে জিতেছেন ৩টি লা লিগা এবং ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
  • গত মৌসুমের পারফর্ম্যান্স: গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করলেও টানা দ্বিতীয় মৌসুমে কোনো প্রধান ট্রফি ছাড়াই শেষ করতে হয় রিয়ালকে—লা লিগায় বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে ক্লাবটি।

মরিনহোর পুনর্গঠিত ‘সুপার টিম’ ও অতীত বিতর্ক

নতুন কোচ জোসে মরিনহোর অধীনে বর্তমানে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যেই মার্ক কুকুরেয়া, বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, কার্লোস এস্পি এবং ডেনজেল দামফ্রিজকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া আরবি লাইপজিগ থেকে রেকর্ড ফি-তে উইঙ্গার ইয়ান দিওমান্দেকে নিশ্চিত করার পর ভিনির চুক্তি নবায়ন ড্রেসিংরুমে বাড়তি স্থায়িত্ব ফিরিয়ে আনবে।

তবে এই যাত্রায় কিছুটা শঙ্কাও রয়েছে। গত কয়েক মাসে বার্নাব্যুর দর্শকদের কাছ থেকে দুয়ো ধ্বনি শুনতে হয়েছে ভিনিকে, যা নতুন মৌসুমে শুরুতে ভালো না করলে আরও তীব্র হতে পারে।

তাছাড়া, গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার বিষয়ে কোচ জোসে মরিনহোর করা কিছু বিতর্কিত মন্তব্য ভিনির জন্য অস্বস্তিকর ছিল। যদিও সম্প্রতি বিশ্বকাপ শেষে ফিরে প্রথম অনুশীলনের পর রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভিনি জানান, "নতুন কোচের সঙ্গে মানিয়ে নিচ্ছি। অনুশীলনে সবাই কঠোর পরিশ্রম করছি। মরিনহো চান আমি যেন আনন্দের সঙ্গে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে যাই।"