মেক্সিকো ’৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব দ্য গড এবং শতাব্দীর সেরা গোল স্মরণে ২২ জুনকে ‘ফুটবলার দিবস’ পালন করে আসছে আর্জেন্টিনা। এখন থেকে ১৫ জুলাই পালিত হবে ‘জাতীয় ফুটবল দল দিবস’। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাকাব্যিক জয়ের স্মারক হিসেবে প্রতি বছরের ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বুধবার বুয়েনস আয়ার্সের এজেজা ট্রেনিং কমপ্লেক্সে সভাপতি ক্লদিও তাপিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছিল ‘লা স্কালোনেতা’। যদিও শেষ পর্যন্ত তারা স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করে, তবে দুই শেষ মুহূর্তের গোল (মেসির জোড়া অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোল) এবং ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ম্যাচটি আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।
এএফএ-র বিবৃতিতে জানানো হয়, এই স্বীকৃতি কেবল সিনিয়র দলের জন্য নয়; বরং পুরুষ, নারী, যুব, ফুটসাল ও বিচ সকার-সহ প্রতিটি জাতীয় দলের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মাঠজুড়ে উদযাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল একটি ব্যানার, যাতে লেখা ছিল : ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’। মাত্র ১০ ডলারের কম খরচে হোটেলের সুতি চাদর, সস্তা রঙ ও তুলি দিয়ে হাতে তৈরি এই ব্যানারটি স্টেডিয়ামে নিয়ে এসেছিলেন ভিলা লুরোর একদল সমর্থক। নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে গ্যালারিতে নেওয়া ব্যানারটি পরে স্টেডিয়াম কর্মীদের সহায়তায় মাঠে নামানো হয়। জিওভানি লো সেলসো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও কুটি রোমেরোসহ পুরো দল ব্যানারটি মেলে ধরে সংহতি প্রকাশ করেন। বর্তমানে ব্যানারটি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা ওয়েটার প্যাট্রিও অবেরের হেফাজতে নিরাপদে রয়েছে। খুব শিগগিরই ব্যানারটি আনুষ্ঠানিকভাবে ফকল্যান্ডস (মালভিনাস) যুদ্ধের বীর যোদ্ধাদের সংগঠন বা জাদুঘরের হাতে তুলে দেওয়া হবে।
তবে এই ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ও ক্রীড়া বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র স্পষ্ট বার্তা দিয়ে জানান, ‘বিশ্বকাপ আমাদের নাও হতে পারে, কিন্তু ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিশ্চিতভাবেই আমাদের।’ ২৯ জুলাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কোড লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করে।