ভাঙন দেখতে গিয়ে পদ্মায় শিশু নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকা পাড়া গ্রামে নানিবাড়ি থেকে প্রমত্ত পদ্মার ভাঙন দেখতে গিয়ে পাড় ভেঙে নদীতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের কন্যা নুরীয়া পদ্মা নদীতে নিখোঁজের পর ২০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে শিশু নুরীয়া নদীর তীরে দাঁড়িয়ে নদীর ভাঙন দেখার সময় আকস্মিকভাবে পুরো মাটি ভেঙে নদীগর্ভে চলে যায়।  নদীতে তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিক চেষ্টা করেও শিশুটির সন্ধান মেলেনি। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।