রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এ মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এ মামলার ঘটনার সঙ্গে জড়িত সহযোগী অন্যান্য পলাতক আসামির নাম ও ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তার এবং তাদের রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য সংগ্রহ, হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন। তবে মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড বিষয়ে শুনানি হয়নি। রিমান্ড শুনানির জন ১০ আগস্ট দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে’ সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেপ্তার কর হয়। তিনি বলেন, গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হয়েছে।