এক-তৃতীয়াংশ মৃত্যু মোটরসাইকেলে

গত জুলাই মাসে সারা দেশে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। এ সময় ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন। জুলাই মাসে মোট মৃত্যুর প্রায়

এক-তৃতীয়াংশই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭ জাতীয় ও আঞ্চলিক অনলাইন পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, দুর্ঘটনার শিকার বড় একটি অংশ পথচারী। এ সময়ে ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর এক-চতুর্থাংশ। জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৭ নারী ও ৪৮ জন শিশু। এ ছাড়া দুর্ঘটনায় ৫১ চালক ও সহকারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ১২ দশমিক ২৫ শতাংশ।

এ সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩৩ দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে ১৬৯ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে এবং ১৫৫ দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে।

এ ছাড়া গ্রামীণ সড়কে ৬১ ও শহরের সড়কে ৬৬ দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার মধ্যে ১৬৪ বা ৩৫ দশমিক ৮০ শতাংশ ঘটেছে চালক যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ১২৩টি, আর ১০৮টি দুর্ঘটনায় পথচারীদের চাপা দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা ছাড়াও জুলাই মাসে ১৩ নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে রেলপথে ২৯ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

গত মাসে নিহতদের মধ্যে ৫৩ শিক্ষার্থী, ২৩ রাজনৈতিক কর্মী, ২৭ স্থানীয় ব্যবসায়ী, ১৬ এনজিওকর্মী, ১৪ ব্যাংক ও বীমা কর্মকর্তা, ৭ শিক্ষক, তিনজন সাংবাদিক, দুজন চিকিৎসক, দুজন প্রকৌশলী ও তিনজন আইনজীবী রয়েছেন।