প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা সাবেক নৌবাহিনীপ্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা এবং ত্যাগের অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সাবেক নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তার দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্যরা।
সকালে বনানীর সামরিক কবরস্থানে যান মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা। সেখানে তারা পরিবারের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন। এ উপলক্ষে সামরিক কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন ‘মাহবুব ভবন’-এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, পরিবারের আত্মীয়স্বজন অংশ নেন।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান। মাহবুব আলী খান বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর এবং শাশুড়ি সৈয়দ ইকবাল মন্দ বানু। তাদের দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান।
সকালে মাহবুব আলীর সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে মরহুমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর সদস্যরা তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।
দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ ছাড়া ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।